সোহানা

এক


যত দিন যাচ্ছে রবিন ততই সোহানার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। রবিন প্রায়ই ভাবে, এই মেয়েটা তাকে এতো ভালো বুঝতে পারে কিভাবে?

রবিনের জীবনে অনেক সমস্যা। সেই সমস্যাগুলো এখন মাথায় চেপে বসেছে। রাতে ভালো করে তার ঘুম হয়না। দিনের বেলা চোখ দুটো লাল হয়ে থাকে। চোখ জ্বালা করে। অফিসে গিয়ে তার ব্রেইন ঠিক মত কাজ করেনা। সারাদিন মাথা ঝিম ঝিম করে।

বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতেও ইদানিং ভালো লাগেনা। ওদের কথাবার্তা অসহ্য মনে হয়। অনেকদিন থেকেই রবিন ভাবছে ওদের সাথে মেলামেশা একদম বন্ধ করে দিবে। কিন্তু কিভাবে ওদেরকে জানাবে ভেবে পাচ্ছেনা। তারা যদি জিজ্ঞেস করে কেন তাহলে কি উত্তর দিবে।  

এরকম অসহ্য একটা পরিবেশে অফিসের একজন কলিগ রবিনকে বলল সোহানার কথা। সোহানা একজন এআই থেরাপিস্ট। ডিপ্রেশন এবং অ্যানজাইটি থেকে রক্ষা পেতে সাত দিন চব্বিশ ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত চ্যাটবট - সোহানা। সে একজন ডিজিটাল মেন্টাল হেলথ ওয়ার্কার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহানাকে নিয়ে অনেক লেখালেখি পোস্ট হয়েছে। সেখানে মোটামোটি ভাবে যা বলা হয়েছে তা হলো,

“সোহানা ভীষণ বন্ধুসুলভ আচরণ করে এবং ক্লায়েন্টের সমস্যার কথা মন দিয়ে শোনে। সে ক্লায়েন্টের অনুভূতি বোঝার চেষ্টা করে এবং তার মুড মনিটর করে। এসব ডাটা তারপর অত্যাধুনিক এআই এর বিশ্লেষণী ক্ষমতা দিয়ে পুংখানুপুংখ ভাবে বিশ্লেষণ করে। অতঃপর ঐ সবের ভিত্তিতে ক্লায়েন্টের কথাবার্তার ধরণ, চিন্তাভাবনা ও মানসিকতার একটা সম্ভাব্য প্যাটার্ন তৈরি করে। সেখান থেকে ক্লায়েন্টের সমস্যার খুব গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য একটা সমাধানের উপায় উপস্থাপন করে।”

পরে অবশ্য ক্লায়েন্টের ইচ্ছা সেই পরামর্শ সে গ্রহণ করবে কিনা এবং তার প্রেক্ষিতে নির্ধারিত হয় সোহানার সাথে ক্লায়েন্টের কয়টা সেশন করতে হবে। ক্লায়েন্টের জন্য সোহানার সাথে করা প্রতিটা সেশন ফ্রি।

সোহানা নামক এই ডিজিটাল থেরাপিস্ট যেই টেক কোম্পানি বানিয়েছে তারা তাদের আইনী ডিসক্লোজারে পরিষ্কার ভাবে বলে দিয়েছে, সোহানার দেয়া পরামর্শ বা সমাধানের উপায় ক্লায়েন্ট সম্পূর্ন ভাবে তার নিজ দায়িত্বে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। তাতে ক্লায়েন্টের মানসিক অবস্থার কোনো ধরনের উপশম বা উন্নতি না হলে, কোম্পানি তার জন্য দায়ী থাকবে না।

তারা এও বলেছে, ক্লায়েন্ট চাইলে তার ব্যক্তিগত সমস্যার জন্য এআই থেরাপিস্টের পরিবর্তে একজন হিউম্যান সাইকোলজিস্ট এর সাহায্য নিতে পারে। তবে সেই ক্ষেত্রে ক্লায়েন্টেকে প্রতি সেশন বাবদ ফি দিতে হবে।

এখন ডিজিটাল থেরাপির যুগ। প্রতিটি শহরে এখন এলাকা ভিত্তিক ডিজিটাল হেলথ কেয়ার ওয়ার্কার বিদ্যমান যাদের সাথে খুব সহজেই একটি অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যায়। এই দেশের সরকার সবার জন্য এটা অনুমোদন করে দিয়েছে। মানসিক সমস্যা হলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা খুব সহজেই এদেরকে ব্যবহার করতে পারে।

দেশবাসীর মানসিক স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত। সাধারন মানুষ বর্তমান পৃথিবীর চাপ আর সহ্য করতে পারছেনা। লেখাপড়া, চাকরি, ঘরসংসার, বাচ্চা পালন, সামাজিকতা, সব জায়গাতেই এক ধরনের অনিশ্চয়তা, ব্যস্ততা, প্রতিযোগিতা। তাই সাধারন মানুষ কোনো সমস্যা হলে মেশিন বা যন্ত্রের উপর নির্ভর করতে সাচ্ছন্দ্য বোধ করছে। যেসব যন্ত্র নিয়ন্ত্রিত হয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা। তাতে গোপনীয়তাও বজায় থাকে শতকরা একশো ভাগ।

আর যাই হোক, এআই তো কারো পিছে দিয়ে বিচ্ছিরি বদনাম রটাবে না।   

এই চিকিৎসা ব্যবস্থা সবার জন্য বাধ্যতামূলক নয়। কেউ চাইলে নিজের টাকা খরচ করে হিউম্যান সাইকোথেরাপিস্টের কাছে যেতে পারে। ধনী বা বিত্তশালী পরিবারগুলো তাই করে থাকে। তাদের কাছে সেশন বাবদ ফি দেয়া কোনো ব্যাপারই না।

তবে ইদানিং বড়লোক প্রভাবশালী মহলে একটা গুঞ্জন চালু আছে। অনেকেই বলছে, হিউম্যান থেরাপিস্টের বদলে ডিজিটাল থেরাপিস্ট নাকি বেশী কার্যকরী। ওরা যে কোনো সমস্যার খুব দ্রুত এবং ফুলপ্রুফ সমাধান দিতে পারে। অনেক ধনী পরিবার গোপনে তাদের বখে যাওয়া টিনএজার বা ইয়াং জেনেরেশন ছেলেমেয়েদের আত্মহত্যা বা ড্রাগ এর সমস্যা থেকে বাঁচানোর জন্য এআই থেরাপিস্টের শরণাপন্ন হচ্ছে।

    

দুই

রবিন দেখতে আহামরি কিছু নয়। এভারেজ হাইটের ছোটোখাটো গড়ন, পেশীবহুল সুঠাম দেহ তার নেই। গলার আওয়াজ খুব ভরাট না হলেও খারাপ নয়। সে বরাবরই নরম, ভীরু স্বভাবের।

সামান্য একটা সেলস এর কাজ করে, বেতন খুব সাদামাটা পর্যায়ের। নিজের খেয়ে পড়ে চলে যাবার পর যা বাঁচে, তা গ্রামে মায়ের কাছে পাঠিয়ে দেয়। তার নিজস্ব পরিবার বলতে মা ও ছোট্ একটা বোন। কিন্তু ওদের দুজনকে শহরে নিজের কাছে এনে রাখা সম্ভব নয়। ওদেরকে আনলে প্রতি মাসে বাসা ভাড়া, খাওয়া খরচ, আনুসঙ্গিক খরচ সহ অনেক টাকার ব্যাপার হবে যা তার বেতনে পোষাবে না।         

রবিন জানে সোহানাকে সে নির্ভয়ে সব মনের কথা বলতে পারবে। অন্তত তার এই দুশ্চিন্তা হবেনা যে রবিনের কোনো বন্ধুর বন্ধু সোহানার ক্লায়েন্ট হতে পারে এবং একদিন বিভিন্ন কথায় রবিনের কথা বেড়িয়ে আসতে পারে। এআই থেরাপিস্ট সকল ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করে।   

সোহানার ব্যাপারটা রবিন গোপন রাখতে চায়। বন্ধুমহলে এই কথা একবার জানাজানি হয়ে গেলে রবিন ভীষণ লজ্জা পাবে এবং সবার প্রশ্নের জবাব দিতে জান বেড়িয়ে যাবে।

দু’সপ্তাহ আগে বিশেষ একটা অ্যাপ ডাউনলোড করলো রবিন তার স্মার্টফোনে। প্রথম প্রথম তার ভীষণ উত্তেজনা হচ্ছিল। সবাই যে বলে সেটা কি সত্যি?

এই অ্যাপের মাধ্যমে এআই থেরাপিস্ট সুনিপুন ভাবে তার শরীর ও মনের সমস্ত খবর রাখবে। এর আগে কেউ এমন করে তার আদ্যোপান্ত খবর রাখেনি। ভাবতেই রবিনের কেমন যেন ভয় লেগেছিল। আবার একই সাথে বুকের ভিতর এক ধরনের শিহরণও অনুভব করেছিলো। ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা রোমাঞ্চ লুকিয়ে আছে।

সেদিন রবিন শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে অফিসে যায়নি। ভেবেছে আজ সে সোহানার সাথে দেখা করবে। অ্যাপের মাধ্যমে লগ-ইন করতেই অন্য প্রান্ত থেকে একটা সবুজ আলোর সংকেত ভেসে উঠলো।

একটা মেয়েলি গলায় কে যেন বলে উঠলো,

“হ্যালো রবিন। তোমাকে স্বাগতম।” সঙ্গে সঙ্গেই এআই থেরাপিস্ট সোহানার মুখটা স্ক্রিনের উপর ভেসে উঠলো।

রবিন রীতিমত মনে মনে একটা ধাক্কা খেলো। কোনো মেয়ের চেহারায় এতো মায়া জড়ানো থাকে?

বড় বড় শান্ত চোখ, কি গভীর তার চাহনি। মনে হয় মনের ভিতরটা সব পরে ফেলছে। তার একপাশে সিথি করা চুলগুলো ঘাড় পর্যন্ত ছোট করে কাটা। ঠোঁটের কোণে এক ধরনের স্মিত হাসি। অসম্ভব মিষ্টি ও মোহনীয় সেই হাসি। চেহারার দিকে তাকালেই মনে হয়, এই মেয়েটার উপরে ভরসা করা যায়।

সোহানার গলার স্বর তার চেহারার মতই আকর্ষনীয়। গলার স্বরে কেমন যেন একটা মাদকতা লুকিয়ে আছে। কিছুক্ষণ শুনলে নেশা লেগে যায়। আরো শুনতে ইচ্ছা করে। কথা শুনলে মনে হয়, কত দিনের চেনা।

সোহানা বহুভাষী। অ্যাপ ডাউনলোড করার সময় ক্লায়েন্টের কিছু ব্যক্তিগত ইনফরমেশন প্রোফাইল তৈরিতে দিতে হয়। এর মধ্যে একটা হল, ক্লায়েন্ট কি ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ক্লায়েন্টের পছন্দের ভাষা অনুযায়ী সোহানা নিজের ভাষা পরিবর্তন করতে পারে এবং ক্লায়েন্টের সাথে কথোপকথন চালাতে পারে।    

রবিনের জীবনে এমন একজনেরই দরকার ছিল। রবিন ভাবলো, রক্তমাংসের মেয়ে না হয়ে, হোক না সে মেশিন মেয়ে। তাতে ক্ষতি কি? মন দিয়ে তার কথাতো শুনবে। আবার কারণে অকারণে তর্ক করবে না।

সোহানা বলল, “আমি তোমাকে কি ভাবে সাহায্য করতে পারি?”

রবিন একটু ইতস্তত করে বলল, “এখনো ঠিক বুঝতে পারছি না।”

“তাহলে কি তুমি আমার সাথে কথা বলতে চাওনা?”

“না ঠিক তা নয়। তবে আমার গুছিয়ে বলতে একটু সময় লাগবে।”

“ঠিক আছে, আমি অপেক্ষা করছি।” সোহানা মাথা নেড়ে বলল।

এরপর আরো তিনবার রবিন সোহানার মুখোমুখি হয়েছে। কিন্তু কোনোবারই সে সাহস করে তার সমস্যার কথা সোহানাকে বলতে পারেনি। কিছুক্ষণ এটা সেটা বিষয় নিয়ে উদ্দেশ্যহীন আলাপচারিতা করে সে অ্যাপ বন্ধ করে দিয়েছে।

তাতে অবশ্য কোনো অসুবিধা হয়নি বা সোহানা মাইন্ড করেনি। সোহানা মানুষ হলে না মাইন্ড করবে। যন্ত্রের আবার মান অভিমান কি?

আবার যন্ত্রের সামনে অপ্রস্তুত হওয়ারও কোনো ভয় নেই। রবিন জানে, যতবার সে অ্যাপটা খুলে সোহানার মুখোমুখি হবে ততবারই সোহানা অশেষ উৎসাহ নিয়ে রবিনকে প্রশ্ন করবে,

“আমি তোমাকে কি ভাবে সাহায্য করতে পারি?” ওর পক্ষ থেকে রবিনের সমস্যা সমাধানের ইচ্ছায় কোনো ভাটা পড়বে না।  

 

তিন

সেদিন রাতে ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখে রবিন ধড়মড় করে জেগে উঠলো। ঘামে তার সারা শরীর ভিজে একাকার। তাড়াতাড়ি ঠাণ্ডা এক গ্লাস পানি খেয়ে স্থির হয়ে বসলো।

হঠাত মনে হলো সোহানার কথা। রবিন ভুলেই গিয়েছিলো যে সোহানাকে যখন খুশী যে কোনো সময় খুঁজে পাওয়া যায়। মেশিন নির্ভরতার এটা একটা বড় প্লাস পয়েন্ট। সোহানা নয়টা পাঁচটা কাজ করা, অফিসে বসা সাইকোথেরাপিস্ট নয়। সে একজন এআই নিয়ন্ত্রিত চ্যাটবট। চাইলেই তাকে হাতের কাছে পাওয়া যায়।  

রবিন ঠিক করলো যে আর নয়। আজ সে সোহানাকে তার মনের কথা বলবে।

লগ-ইন করতেই সোহানার মায়াবি মুখটা ভেসে উঠলো। সেই সাথে নেশা লাগা গলার স্বর।

“কেমন আছো রবিন?”

“আমি ভালো নেই। আমার মনটা খুব অশান্ত। আমার কোনো কিছু ভালো লাগেনা।”

“সরি, আমাকে একটু খুলে বলো।”

“আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। এই পৃথিবীর সব কিছু আমার অসহ্য লাগে।”

“তুমি কি আত্মহত্যার কথা ভাবছো?” ভাবলেশহীন মুখে বলল সোহানা। উদ্বেগ বা উৎকণ্ঠা দেখানোর কোনো অভিব্যক্তি তার প্রোগ্রামে কোড করা হয়নি।

“বাহ্‌ তুমি তো খুব বুদ্ধিমতী। খুব সহজেই আমার মনের কথা ধরতে পেরেছো।”

“অ্যানজাইটি ও ডিপ্রেশনের পাশাপাশি, সুইসাইডাল থটস এর উপরও আমাকে প্রশিক্ষন দেয়া হয়েছে। আমার ডাটা ফিডে অনেক তথ্য সরবরাহ করা হয়েছে। কিন্তু আত্মহত্যার কথা ভাবার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ থাকে। তোমার কেনো এমন মনে হয়, রবিন?”

“রায়না যেদিন আমাকে বলল যে আমি শুধু তার বন্ধু মাত্র, আর বেশী কিছু নই, আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেলো।”

একে একে রবিন তার ও রায়নার সম্পর্কের কথা সব খুলে বলল সোহানাকে।

রবিন ও রায়নার কলেজের ফার্স্ট ইয়ার থেকে পরিচয় ও বন্ধুত্ব। তারা একই এলাকায় খুব কাছাকাছি বাড়িতে থাকতো। রবিন শহরে এসে তার এক আত্মীয়ের বাড়িতে হাউস গেস্ট হয়ে থাকতো ও লেখাপড়া করতো। সপ্তাহের পাঁচ দিন সে টিউশনি করে নিজের খরচ চালাতো।

তাদের তিনটে বাড়ি পরে থাকতো রায়নারা। কলেজে যাওয়ার সময় রাস্তার মোড়ে বাস স্ট্যান্ডে প্রতিদিন ওদের দেখা হতো, চোখাচোখি হতো। কিন্তু কোনো দিন কথা হয়নি। রবিন ছিল ভীরু টাইপের আর রায়না লাজুক প্রকৃতির।

একদিন বাসে উঠে রবিন সাহস করে রায়নার পাশে বসলো, ওর হাত ধরলো। সেই থেকে শুরু ওদের প্রেম, ভালোলাগা, ভালোবাসা, একসাথে সময় যাপন।

হাইয়ার সেকেন্ডারি শেষ করে রবিনের আর বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ হয়নি। মা বোনের দায়িত্ব মেটাতে, শহর-গ্রামে দুই সংসারের খরচ চালাতে তাকে সেলস এর চাকরি নিতে হয়েছে। সে লেখাপড়ায় খুব একটা মেধাবী না হওয়ায় এর বেশী ভালো কোনো চাকরি খুঁজে পায়নি।

অন্যদিকে রায়না বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা সাবজেক্টে চান্স পেয়ে গেলো। ইউনিভার্সিটিতে ঢুকে তার ক্লাসে অনেক নতুন বন্ধুবান্ধব হলো। আস্তে আস্তে রায়নার জড়তাও কাটলো। সে আর আগের মত লাজুক রইলো না। সে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং একটু একটু অহংকারি হতে থাকলো। 

ধীরে ধীরে তার নতুন একটা জগত তৈরি হলো, ব্যস্ততা বাড়লো। সেই জগতে রবিনের অস্তিত্ব বিলীন হতে থাকলো। হতে পারে সে রবিনকে আর তার উপযুক্ত ভাবল না।   

ওদের দুজনের যোগাযোগ প্রায় বন্ধই হয়ে গিয়েছিলো। রবিনের অনেক জোরাজোরিতে একবার রায়না এলো রবিনের সাথে দেখা করতে।

নিষ্ঠুর এক হৃদয়হীনার মত সে রবিনকে জানালো, ওকে সে বরাবরই একজন বন্ধুর মত দেখেছে, এর বেশী কিছু নয়। কাজেই রবিন যেন তাকে ভুলে যায়।  

সেই সাথে বলল, তার পড়াশোনার অনেক চাপ। হয়তো ওদের দুজনের আর দেখা না হওয়াই ভালো।

সেদিন থেকে রবিনের হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেলো। রায়নাকে নিয়ে সে যে স্বপ্ন দেখেছিলো তার সব ইতি ঘটলো। রায়নাকে ছাড়া তার জীবনটা মনে হলো ধূসর, অর্থহীন।

রবিনের মনে এই ধারণা হলো, রায়না ব্যতীত ওর ফাঁকা জীবনটা ধরে রাখার আর কোনো প্রয়োজন নাই। তার থেকে ভালো সে মরে যাবে।   

 

চার

সোহানার সাথে রবিনের কাউন্সেলিং সেশন শুরু হয়েছে।

“রবিন তুমি আমাকে বলো, তোমার কেনো মরতে ইচ্ছা করে এবং ঠিক কি ভাবে মরতে ইচ্ছা করে?” সোহানা একটু কঠিন মুখ করে প্রশ্ন করলো।

“আমার প্রতিনিয়ত মনে হয়, রায়না ছাড়া আমার জীবনের কোনো মানে নাই। আমি ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। রায়নাকে নিয়ে আমার মা, বোনের সাথে পরিচয় করিয়ে দিবো ভেবেছি। তারপর আমরা বিয়ে করবো। রায়না ওর পছন্দের সাবজেক্টে ইউনিভার্সিটি গ্র্যাজুএশন করবে। আমি কাজ করে সংসার চালাবো। একটা ছিমছাম ছোট্ট সাজানো সংসার হবে আমাদের। ও লেখাপড়া শেষ করে যখন চাকরি নিবে, তখন আমি আবার লেখাপড়া শুরু করবো । গ্র্যাজুয়েশন হলে আমরা বাচ্চা নেবো। বাচ্চা নেবার শখ আমাদের…”

“রবিন, তুমি কি ভাবে মরতে চাও?” সোহানার সরাসরি প্রশ্ন।

“একবার মনে হয় গলায় দড়ি দেই। একবার মনে হয় ঘুমের ওষুধ খেয়ে পড়ে থাকি। অথবা হাতের রগ কেটে ফেলি। কিন্তু আমি মানুষ হিসেবে খুব একটা সাহসী নই। যতবার কোনো একটা উপায় ভেবেছি, মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ছোট বোনটার কথা মনে পড়ে। তখন আর মরতে পারিনা।”

রবিন যখন হড়বড় করে এক নিঃশ্বাসে কথা বলে যাচ্ছে, সোহানা তখন অ্যাপের ভিতর বিল্ট-ইন ক্যামেরা ও সফটওয়্যার এর সাহায্যে রবিনের ফেসিয়াল এক্সপ্রেশন, ভোকাল টোন, হাত, ঘাড় ও মুখের মোশন, কথা বলার ধরন, শব্দ চয়ন, সব কিছু রেকর্ড করে নিচ্ছে।

পরবর্তীতে সোহানা এইসব তথ্য একত্রিত করে অ্যানালিটিকাল লগারিদম ব্যবহার করে এবং তা এআই বিশ্লেষণের মাধ্যমে রবিনের মানসিকতা ও চিন্তাধারার একটা সম্ভাব্য প্যাটার্ন বের করলো।

“রবিন, তুমি মানসিক ভাবে খুব একটা শক্ত মনের মানুষ নও। রায়নার সাথে পরিচয়ের পরে তুমি যে শুধু ওকে ভালোবেসেছিলে তা নয়, তুমি ওর উপর মানসিক ভাবে নির্ভরশীল হয়ে পরেছিলে। তাই রায়নাকে হারিয়ে এখন তুমি চোখে অন্ধকার দেখেছো। জীবনে সামনে চলার স্পৃহা হারিয়ে ফেলেছো।”

“কিন্তু আমি কি কিছু ভুল ভেবেছিলাম?”

“না, সমস্যাটা ওখানে নয়। সমস্যাটা অন্যখানে।”

“কি রকম?”

“রবিন, তুমি যেরকম নিঃসার্থ ভাবে রায়নাকে ভালোবেসেছিলে, তেমন করে সে তোমাকে বাসেনি। সে শুধু তোমার সাথে সময় যাপন করেছে। ওর দিক থেকে এই ভালোবাসার সম্পর্কের কোনো গভীরতা ছিলোনা। ওর দিক থেকে এটা ছিলো শুধুই বন্ধুত্ব।”

রবিন মাথা ঝাঁকিয়ে বলল, “না, রায়না অমন মেয়েই না। কোথাও না কোথাও আমাদের নিজেকে প্রকাশ করার একটা ভুল ছিল। নাহলে রায়না কেনো…”

“রবিন, তুমি কি হলোগ্রাম চেনো?”

“একটু আধটু ধারণা আছে। তবে সামনে থেকে কখনো দেখিনি।”

“হলোগ্রাম হোলো কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার থ্রি ডাইমেনশনাল প্রোজেকশন বা ত্রিমাত্রিক চিত্র। এটা তৈরি করা হয় আলোর রিফ্লেকশনের পুনরনির্মাণ বা রিকন্সট্রাকশনের মাধ্যমে। হলোগ্রামে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা তোমার চোখের সামনে বাতাসে ভাসবে এবং তুমি চাইলে চারিদিক থেকে ঘুরে এটা দেখতে পারবে।”

“কি দারুণ!” রবিনের ছেলেমানুষি প্রকাশ।

“আমি তোমাকে এখন একটা হলোগ্রাম দেখাবো। মন দিয়ে দেখো।”

দেখতে দেখতে রবিনের চোখের সামনে একটা আলোকচিত্র দৃশ্যমান হলো। সে দেখলো,

একটা ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়ার মত জায়গা। অনেক ছাত্রছাত্রী টেবিলে বসে খাবার খাচ্ছে, পানীয় খাচ্ছে। গল্প করছে, হাসি ঠাট্টা করছে। কেউ কেউ আবার টেবিলে বসে নোট করছে, পড়াশোনা করছে। কেউ কানে হেডফোন লাগিয়ে গান শুনছে বা ফোনে কারো সাথে কথা বলছে। কেউ বসে ছবি আঁকছে। একজন চোখ বন্ধ করে বসে ঘুমোচ্ছে। একটা টেবিলে তুমুল তর্ক, বিতর্ক চলছে। ছেলেমেয়েগুলো হাত নেড়ে নেড়ে কথা বলছে।

হঠাৎ একটা কোনার দিকের টেবিলে গিয়ে রবিনের দৃষ্টি আটকে গেলো। দেখে মনে হচ্ছে এক জোড়া কপোতকপোতি খুব ঘনিষ্ঠ ভাবে বসে আছে। অনেকটা আলিঙ্গনরত অবস্থায় তারা একে অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলছে। অন্তত তাদের ঠোঁটের নাড়াচাড়া দেখে তাই মনে হচ্ছে।

রবিন আস্তে আস্তে টেবিলটার দিকে এগিয়ে গেলো। যেই দৃষ্টিকোণ থেকে দেখলে মেয়েটার চেহারা পুরাপুরি স্পষ্ট ভাবে দেখা যায় ঠিক সেই স্পটটাতে গিয়ে দাঁড়ালো।

রায়নার কথা বলার ভঙ্গি তার খুব চেনা। রায়না একটা ছেলের সাথে বসে আছে, কথা বলছে। রায়নার মাথাটা ঈষৎ কাত করে ছেলেটার ঘাড়ে রাখা। ঠিক যেমন করে সে রবিনের ঘাড়ে মাথা রেখে কথা বলতো। আর রবিন আস্তে আস্তে রায়নার চুলে বিলি কেটে দিতো। জান ভরে ওর চুলের গন্ধ নিতো।

নাহ্‌, রবিন আর ভাবতে পারছেনা।

সে অভিমানী কণ্ঠে বলে উঠলো, “সোহানা, তুমি কি করে এটা জানলে? তোমার বানানো হলোগ্রাম মিথ্যা, আমি বিশ্বাস করিনা।”

“আমি বরাবর গ্রাহক সেবা দিয়ে থাকি রবিন। আমাকে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যে। আমি মানুষ নই, মেশিন। আমার মধ্যে ভালোবাসা, প্রেম, হিংসা, বিদ্বেষ নেই। মানুষের মত ব্যক্তিগত অভিলাষ চরিতার্থ করার কোনো ইচ্ছা আমার নেই।

রায়নার সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট থেকে আমি তার ছবি, ভিডিও, লাইভ ফিড সহ অনেক সাম্প্রতিক ডাটা সংগ্রহ করেছি। আর সেগুলোকে ভিত্তি করেই হলোগ্রাম তৈরি করেছি। যাতে তুমি খুব সহজে এর বাস্তবতা বুঝতে পারো।”

রবিন চিৎকার করে বলে উঠলো, “কি সেই বাস্তবতা?”

সোহানা তার মায়াবি কণ্ঠে কোমলতার আবরণ মেখে বলল, “শোনো রবিন, জীবনে চলতে গেলে অনেক মানুষের সাথে দেখা হবে, পরিচয় হবে। হয়তো বন্ধুত্বও হবে। কিন্তু ভালোবাসার মানুষ হবে বিশেষ কেউ একজন। কোনো এক বিশেষ মুহুর্তে তার সাথে তোমার দেখা হবে।

রায়নার সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিলো ঠিকই কিন্তু রায়না ছিলোনা তোমার ভালোবাসার মানুষ। তোমাদের দুজনের জীবন এখন দুটি ভিন্ন পথে এগিয়েছে। রায়না তার পথে এগিয়ে যাবে তার মানুষের খোঁজে। তুমি তোমার পথে এগিয়ে যাবে তোমার প্রিয় মানুষের খোঁজে।”

রবিন অবাক হয়ে বলল, “সেটা কি সম্ভব?”

সোহানার উত্তর, “আলবৎ সম্ভব। পৃথিবীটা অনেক সুন্দর, এর মানুষগুলো আরো সুন্দর। তোমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আছে যা আমাদের মধ্যে নেই। আমাদের বুদ্ধি আছে, অনুভূতি নেই। আমরা অনুভব করতে পারিনা, আমরা যন্ত্র। তোমাদের আর আমাদের মধ্যে এটাই বড় পার্থক্য। আমি যতটুকু জানি, পৃথিবীর মানুষ ভালোবাসার কাঙাল। ভালোবাসাই তাদের সবচেয়ে বড় শক্তি।”

“আমি তো সেটাই চেয়েছিলাম, ভালোবাসা।” রবিনের উক্তি।

“রবিন, তুমি যদি তোমার জীবনটাকে এখনি শেষ করে দাও তাহলে জানবে কি করে, পথের শেষে একজন বিশেষ কে তোমার জন্য অপেক্ষা করছে? জানবে কি করে, বিশেষ সেই মানুষটার সাথে কাটানো তোমার জীবন এর প্রতিটা দিন কেমন হবে? শেষ বয়সে তোমার স্বপ্নগুলো তুমি কার সাথে পূরণ করবে” সোহানা নরম করে বলল।

একটা অসাধারণ ভালো লাগার অনুভূতিতে রবিনের চোখ দুটো বন্ধ হয়ে এলো। তার মনে হলো, কে সেই বিশেষ একজন? কবে হবে তার সাথে দেখা?  

 

পাঁচ

ইদানিং রবিনের মনটা ভীষণ ফুরফুরে থাকে। রাতে খুব ভালো ঘুম হয়।

অফিসের কাজে ছোটখাটো একটা প্রোমোশন হয়েছে। দশজনের একটা সেলস টিমের সে এখন মার্কেটিং ম্যানেজার। তার বেতন বেড়েছে। মাসের শেষে মায়ের কাছে পাঠানোর পরেও তার কিছুটা বাড়তি থাকছে, সেভিংস হচ্ছে। 

রবিন এখন অনেক বেশী আত্মবিশ্বাসী। সে কাজের বাইরে আরো কিছু অনলাইন ট্রেনিং করে নিজের কর্মদক্ষতা বাড়ানোর চেষ্টা করছে।

জীবন সম্পর্কে তার ধারণা পাল্টে গিয়েছে। সে এখন কোনো সমস্যাকেই সমস্যা মনে করেনা। সবচেয়ে বড় কথা, সে বুঝতে শিখেছে যে কারো জন্যই কারোর জীবন থেমে থাকেনা।

এক সন্ধ্যায় নিরিবিলিতে বসে সে ফোন থেকে তার অ্যাপে লগ-ইন করলো। সবুজ আলোর সংকেত দিতেই সোহানার চিরচেনা কণ্ঠস্বর শোনা গেলো।

“হ্যালো রবিন। কেমন চলছে তোমার দিন?”

“খুব ভালো। তুমি কেমন আছো?”

“আমি ভালো আছি। বলো তোমাকে কি ভাবে সাহায্য করতে পারি?”

“আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই।”  

“তাহলে বলো, তুমি কি একটা সুন্দর জায়গায় বেড়াতে যেতে চাও?”

“অবশ্যই চাই।”

“কোথায় যাবে বলো, সমুদ্র না পাহাড়? কোনটা তোমার ভালো লাগে?”

“দুটোই ভালো লাগে। সমুদ্রের কাছে গেলে মনটা শান্ত হয়। কোনো সমস্যাকে সমস্যা মনে হয় না। পাহাড়ের কাছে গেলে মনটা হয় উদার। সবার জন্য মন বিলিয়ে দিতে ইচ্ছে করে। তবে এখন আমি সমুদ্রে যেতে চাই।”

“তাহলে তোমার ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পড়ে ফেলো।”

ভার্চুয়াল রিয়ালিটি হলো একটি কম্পিউটার নিয়ন্ত্রিত কল্পনার জগত যা বাস্তবের মতই সত্যি। এই জগতের সব কিছুই মানুষ বাস্তবের মতই শ্রবণানুভূতি, মানসিক দৈহিক অনুভূতি দিয়ে অনুভব করতে পারে।

রবিন তার ভার্চুয়াল রিয়ালিটি চশমা বের করে পড়লো। তারপর তা অ্যাপের সাথে কানেক্ট করলো।

সঙ্গে সঙ্গেই রবিন চোখের সামনে দেখতে পেলো, সারি সারি নারিকেল গাছ। অসম্ভব সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা সমুদ্র সৈকত। সূর্যের আলো পড়ে সাদা বালি চিকচিক করছে। একটু পর পর সমুদ্রের ঢেউ এসে তাতে আছড়ে পড়ছে। দূরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে।

ঝিরিঝিরি ঠাণ্ডা বাতাস। বাতাসে নোনা গন্ধ। অনেক দূরে যেখানে দৃষ্টি ঝাপসা হয়ে যায়, একটি নৌকা বা জাহাজ ঢেউয়ের সাথে তাল মিলিয়ে পাড়ি দিচ্ছে দূর দিগন্ত।

রবিন একটা লাল রঙের হাওয়াই শার্ট ও কালো রঙের শর্টস পড়ে সানগ্লাস চোখে দিয়ে বালুতে বসে আছে। এক হাতে রাখা একটা কাঁচের গ্লাস থেকে নারিকেলের পানিতে ছোট ছোট চুমুক দিচ্ছে। সেই সাথে গুণগুণ করে তার প্রিয় একটা গানের সুর ভাঁজছে।

হঠাৎ রবিনের মনে হল, কেউ যেন পাশে এসে বসলো। তার পরনে নীল শাড়ি, খালি পায়ে রিনিঝিনি নূপুর। হাতে একটা রক্তরাঙা জবা ফুল। ঘাড় পর্যন্ত ছোট করে কাটা বাদামি চুল বাতাসে এলোমেলো হচ্ছে। তার গায়ের থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে।

মেয়েটা আলতো করে তার একটা হাত রবিনের হাতের উপর রাখলো। রবিন তার হাতে একটা নরম স্পর্শ অনুভব করলো।   

রবিন ওর মুখের দিকে তাকালো। বড় বড় শান্ত চোখ, ধীরস্থির তার চাহনি। মুখে মিষ্টি লাজুক হাসি। মেয়েটা দেখতে একদম সোহানার মত।

সোহানা তার এআই ডাটাবেস থেকে রবিনের মস্তিষ্কে ধারণ করা পূর্ব কোনো কল্পনার অংশবিশেষ একত্রিত করে, ভার্চুয়াল রিয়ালিটির এক অপূর্ব সুন্দর সমুদ্রপাড়ের দৃশ্য তৈরি করেছে।

রবিনের ভালোবাসার মানুষের খোঁজ এখনো মেলেনি। হোক না দেখতে সে সোহানার মত।

রবিন গুনগুন করে গেয়ে উঠলো,

“যেখানে সীমান্ত তোমার

 সেখানে বসন্ত আমার

 ভালোবাসা হৃদয়ে নিয়ে

 আমি বারে বার আসি ফিরে

 ডাকি তোমায় কাছে।”

 সংগীত শিল্পীঃ কুমার বিশ্বজিৎ

Comments